আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে ১০০ কোটি টাকার মানহানির মামলা

সিরাজগঞ্জ, ৩০ মার্চ – সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অশালীন মন্তব্য এবং তাকে নাস্তিক আখ্যা দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম।
আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। মামলার বাদী অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া একটি বক্তব্যের জেরে মুফতি আমির হামজা তাকে নাস্তিক আখ্যা দেন। এর মাধ্যমে তার মানহানি করা হয়েছে বলে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে এবং তিনি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে নাস্তিক বলে প্রচার করায় তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রয়োজনীয় তথ্য উপাত্তসহ বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সিরাজগঞ্জের আইনজীবীরা। তারা অভিযুক্ত আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









