জাতীয়

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ৩০ মার্চ – নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মন্ত্রী সংসদকে জানান যে পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া ৫০০টিরও বেশি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বর্তমানে ১০ শতাংশেরও কম। এছাড়া প্রায় এক হাজার ৩০০টি প্রকল্প এখন নিবিড় পর্যালোচনার আওতায় রয়েছে যেখানে বিপুল অপচয় ও দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

তিনি উল্লেখ করেন যে এই তথ্য সরকারি নথির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে এবং যেহেতু প্রকল্পগুলো পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া হয়েছিল তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ সীমিত। তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় নেওয়া নতুন প্রকল্পগুলো গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনেক বেশি গতিশীল করবে।

গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এই সরকার বিশেষভাবে গুরুত্বারোপ করছে। তিনি বলেন আমরা যদি গ্রামীণ অর্থনীতিকে প্রকৃত অর্থে শক্তিশালী করতে চাই এবং প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন করতে চাই তাহলে আমাদের প্রথম অগ্রাধিকার হতে হবে গ্রামীণ অবকাঠামোর সামগ্রিক উন্নয়ন।

আমির খসরু আরও বলেন সরকার এখন বাস্তবমুখী ও জনবান্ধব প্রকল্প গ্রহণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর উপকারে আসবে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিশ্চিত করবে। তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে নিজেদের এলাকার জন্য উন্নয়ন প্রস্তাব উত্থাপন করতে পারবেন।

কোনো প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জীবিকা বৃদ্ধির জন্য উপযোগী এবং কার্যকর বলে প্রতীয়মান হলে তা ভবিষ্যতে বাস্তবায়নের জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কার্যকর প্রকল্প বাস্তবায়ন এবং সঠিক গ্রামীণ উন্নয়ন উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে দেশবাসীকে আরও ইতিবাচক ও আশাব্যঞ্জক সংবাদ দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রী সংসদে আশা প্রকাশ করেন।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language