নাটোর

সিংড়ায় ৬৫ ব্যারেল অবৈধ জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নাটোর, ৩০ মার্চ – নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আলতাফ হোসেন। তিনি মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন তার নিজ বাড়ির নিচতলার গুদামে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৬৫ ব্যারেল ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যেন অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শেরকোল বাজারের মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুতের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language