জাতীয়

৩১০ কোটি টাকা আত্মসাৎ: ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে সিআইডির মামলা

ঢাকা, ৩০ মার্চ – অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহক ও মার্চেন্টদের ৩১০ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির স্বত্বাধিকারী মো. রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গত ২৯ মার্চ ঢাকার কাফরুল থানায় এই মামলাটি দায়ের করা হয়। সিআইডি জানায়, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি ডটকম লিমিটেডের নামে এই দম্পতি অসংখ্য গ্রাহকের কাছ থেকে পণ্যের অর্ডার এবং অগ্রিম অর্থ গ্রহণ করেন। কিন্তু নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ না করে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। পাশাপাশি বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের পণ্য কিনে তার মূল্য পরিশোধ করা হয়নি।

তদন্তে উঠে এসেছে যে, গ্রাহক ও মার্চেন্টদের এই টাকা দিয়ে তারা বিলাসবহুল গাড়ি কেনা, সম্পদ অর্জন এবং বিদেশ ভ্রমণসহ নানা ভোগবিলাসে ব্যয় করেছেন। বারবার পণ্য সরবরাহের নতুন তারিখ দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সিআইডি আরও জানিয়েছে, এই প্রতারণার মাধ্যমে হাজার হাজার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে আত্মসাৎ করা অর্থের সুনির্দিষ্ট অবস্থান এবং এই চক্রের অন্য সহযোগীদের চিহ্নিত করতে মামলার গভীর তদন্ত চলছে।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language