আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ৩০ মার্চ – যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সিআইডির উপপরিদর্শক মো. আব্দুল হান্নান মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে তিনি শত শত কোটি টাকা অর্জন করেছেন। এই অবৈধ অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগের অনুসন্ধান চলছে।
তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রা রোধ করা জরুরি। শুনানি শেষে বিচারক এই নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়ার জন্য গত ২০ জানুয়ারি তিনি আবেদন করলেও আদালত তাকে অনুমতি দেননি।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









