মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

মাদ্রিদ, ৩০ মার্চ – ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন সামরিক বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন। সোমবার স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র এল পাইস সামরিক সূত্রের বরাত দিয়ে সর্বপ্রথম এই খবর প্রকাশ্যে আনে।
মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস স্পষ্ট করেন যে, ইরান সংক্রান্ত কোনো সামরিক অভিযানের জন্য স্পেন তাদের সামরিক ঘাঁটি কিংবা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এই আকাশসীমা বন্ধ থাকার কারণে মার্কিন সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের গন্তব্যে পৌঁছাতে স্পেনের আকাশ এড়িয়ে বিকল্প পথে যেতে হচ্ছে।
তবে জরুরি কোনো পরিস্থিতির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো রেডিও কাদেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একতরফাভাবে শুরু হওয়া কোনো যুদ্ধে স্পেনের অংশগ্রহণ বা সমর্থন না দেওয়ার সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবেই আকাশসীমা বন্ধ করা হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগে থেকেই ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করে আসছেন। তিনি এই হামলাগুলোকে বেপরোয়া এবং অবৈধ বলে আখ্যায়িত করেছেন।
এদিকে যুদ্ধ চলাকালে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মাদ্রিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন।
এ এম/ ৩০ মার্চ ২০২৬









