কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া, ৩০ মার্চ – কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাহাবুল ইসলাম মণ্ডল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবু তাহের, হাবিল হোসেন এবং মো. মিলন। মামলা সূত্রে জানা যায় যে, গ্রামে দলাদলির জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে ২০১৯ সালের ২১ অক্টোবর এই হত্যাকাণ্ড ঘটানো হয়। অভিযুক্ত চারজন পরস্পর যোগসাজশ করে সাহাবুল ইসলাম মণ্ডলকে নওদা আজমপুর মাঠপাড়ায় অবস্থিত বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে একটি ধইঞ্চা খেতে নিয়ে যায়।
সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনার পর নিহতের স্ত্রী মিরপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর থানার পরিদর্শক এস এম জাবীদ হাসান এজাহারে উল্লেখিত সন্দেহভাজন আসাদুল প্রামাণিককে গ্রেপ্তার করেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে আসাদুল হত্যার দায় স্বীকার করেন এবং এই ঘটনায় জড়িত অপর তিন সহযোগীর নাম প্রকাশ করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আবু তাহের পলাতক ছিলেন। বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর খন্দকার সিরাজুল ইসলাম।
এ এম/ ৩০ মার্চ ২০২৬









