উত্তর আমেরিকা

তাইওয়ানের বিশেষ প্রতিরক্ষা বিল অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মার্কিন সিনেটর

তাইপেই, ৩০ মার্চ – তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রতিরক্ষা ব্যয় বিল অনুমোদন করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর জন কার্টিস। গণতান্ত্রিক এই দ্বীপরাষ্ট্রটিকে নিজস্ব সামরিক সক্ষমতায় আরও বেশি বিনিয়োগ করার জন্য ওয়াশিংটন ক্রমাগত চাপ দিচ্ছে। এই বিল পাসের বিষয়টি এমন এক সময়ে সামনে এলো, যখন চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী মাসের শুরুতে বেইজিং সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রধান বিরোধী দলীয় নেতা চেং লি উন। চীনের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ঠিক কত অর্থ ব্যয় করা হবে, তা নিয়ে তাইওয়ানের আইনপ্রণেতারা মতবিরোধে জড়িয়েছেন।

চীন এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে জোরপূর্বক দখল করার হুমকিও দিয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং সংসদ নিয়ন্ত্রণকারী দুটি বিরোধী দল গত সপ্তাহে বাজেট প্রস্তাবগুলো নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর নতুন করে আলোচনা শুরু করেছে। সোমবার তাইপে সফরের সময় দ্বিদলীয় মার্কিন সিনেট প্রতিনিধিদলের সদস্য রিপাবলিকান সিনেটর জন কার্টিস সাংবাদিকদের বলেন, বিশেষ প্রতিরক্ষা বাজেট পাস হওয়াটা ওয়াশিংটনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট লাই চিং তের সঙ্গে সাক্ষাতের পর তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলে বিনিয়োগ করছে, তখন তাইওয়ানকেও সমানভাবে বিনিয়োগ করতে হবে।

লাইয়ের সরকার মার্কিন অস্ত্রসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম কেনার জন্য ৩৯ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ব্যয়ের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বিরোধী কুওমিনতাং দল আরও অস্ত্র কেনার সুযোগ রেখে ৩৮০ বিলিয়ন তাইওয়ান ডলার বরাদ্দ করতে চায়। তাইওয়ানের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকায় কুওমিনতাং দলের অনেক আইনপ্রণেতা প্রস্তাবিত বাজেটের চেয়ে আরও বেশি বরাদ্দের জন্য চাপ দিচ্ছেন। প্রতিনিধিদলের আরেক সদস্য ডেমোক্র্যাটিক সিনেটর জেন শাহিন জানিয়েছেন, তাইওয়ানের প্রতি মার্কিন সমর্থন সবসময় শক্তিশালী ও স্থায়ী।

তিনি বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাইওয়ান নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে বিলিয়ন ডলার ব্যয় করলেও চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতে তারা অস্ত্রের দিক থেকে পিছিয়ে থাকবে এবং মার্কিন সহায়তার ওপর তাদের ব্যাপকভাবে নির্ভর করতে হবে। ডিসেম্বরে ওয়াশিংটন ঘোষিত ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজের মধ্যে বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি রকেট সিস্টেম রয়েছে। তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী এই স্বশাসিত গণতন্ত্রের প্রতিরক্ষায় অস্ত্র সরবরাহ করতে মার্কিন কংগ্রেস বাধ্য।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language