ধর্মমন্ত্রীকে সভাপতি করে হজ ব্যবস্থাপনায় নির্বাহী কমিটি গঠন

ঢাকা, ৩০ মার্চ – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি করে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি নতুন নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্মমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারি একাধিক সংস্থার প্রধানদের সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এছাড়া হজ প্যাকেজ অনুমোদন ও জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নে এই কমিটি কাজ করবে। নতুন এই কমিটির যেকোনো সভায় সভাপতি নিজেই সভাপতিত্ব করবেন। তবে বিশেষ প্রয়োজনে তার মনোনীত কোনো সদস্যও সভায় সভাপতিত্ব করতে পারবেন।
প্রয়োজন অনুযায়ী এই কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পরিস্থিতি সাপেক্ষে কমিটি চাইলে নতুন সদস্যও অন্তর্ভুক্ত বা কো-অপ্ট করতে পারবে। এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। উল্লেখ্য, নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে গত ২ অক্টোবর ২০২৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









