ইউরোপে ১২ টন কিটক্যাট ভর্তি ট্রাক উধাও, নেসলের হাস্যরস

ভেনিস, ৩০ মার্চ – ইস্টার উৎসবের ঠিক আগে ইউরোপে একটি অভিনব চুরির ঘটনা ঘটেছে। ইতালি থেকে পোল্যান্ডগামী প্রায় ১২ টন কিটক্যাট চকলেট ভর্তি একটি ট্রাক মাঝপথ থেকে উধাও হয়ে গেছে। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে এই চুরির বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, গত ২৬ মার্চ ইতালির একটি কারখানা থেকে রওনা হওয়া ওই ট্রাকে প্রায় ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার ছিল। পোল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কার্গোটি মাঝপথে লুণ্ঠিত হয়। এরপর থেকে ট্রাক এবং চকলেট কোনোটিরই আর সন্ধান পাওয়া যায়নি।
চুরি যাওয়া চকলেটগুলো ছিল মোটর রেসিংভিত্তিক বিশেষ সংস্করণের, যা কিটক্যাট ব্র্যান্ডের নতুন সিরিজ হিসেবে বাজারে আনার প্রস্তুতি চলছিল। নেসলে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এবং সরবরাহকারী অংশীদারদের সাথে সমন্বয় করে এই ঘটনার তদন্ত চলছে। সংঘবদ্ধ কোনো চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে ট্রাকটিকে লক্ষ্যবস্তু করে এই চুরি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এমন বিপুল পরিমাণ পণ্য লুণ্ঠিত হওয়ার বিষয়টি ইউরোপ জুড়ে পণ্য পরিবহনের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।
ঘটনাটি নিয়ে কিছুটা রসিকতাও করেছে নেসলে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, তারা সবসময় মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলেন, তবে মনে হচ্ছে চোরেরা সেই বিরতি নিতে গিয়ে ১২ টন চকলেটই গায়েব করে দিয়েছে। তবে এই হাস্যরসের আড়ালে গভীর উদ্বেগের বার্তাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপে পণ্য পরিবহনের সময় চুরি ও জালিয়াতির ঘটনা ক্রমশ বাড়ছে এবং অপরাধীরা এখন অনেক আধুনিক কৌশল অবলম্বন করছে। চুরি যাওয়া কিটক্যাটগুলোর প্রতিটি প্যাকেটে নির্দিষ্ট ব্যাচ কোড রয়েছে। ফলে এগুলো অবৈধ বাজারে বিক্রির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে নেসলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









