ভোটের প্রচারে অভিনব কৌশল: চপ ভাজা থেকে দাড়ি কামানো, পশ্চিমবঙ্গের নির্বাচনে উৎসবের আমেজ

কলকাতা, ৩০ মার্চ – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় এখন কেবল বক্তৃতাই যথেষ্ট নয়, ভোটারদের মন জয় করতে অভিনব সব কৌশল অবলম্বন করছেন তারা। চপ ভাজা থেকে শুরু করে সেলুনের কাজ, এমনকি আস্ত মাছ হাতে নিয়েও চলছে জনসংযোগ।
বীরভূমের দুবরাজপুর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ চন্দ্র বাউরীকে দেখা গেছে চোখ বেঁধে হাঁড়ি ভাঙার খেলায় অংশ নিতে। বারবার লক্ষ্যভ্রষ্ট হলেও তার আত্মবিশ্বাস অটুট, তিনি জানিয়েছেন, খেলায় হাঁড়ি না ভাঙলেও ভোটে ঠিকই বিরোধীদের হাঁড়ি ভাঙবেন।

একই আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনুপ কুমার সাহা এক বৃদ্ধের দাড়ি কামিয়ে দিয়ে প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন। তার মতে, ব্যস্ত মানুষের কাছে পৌঁছাতে তাদের দৈনন্দিন কাজের মাঝেই প্রচার চালাতে হচ্ছে।
সন্দেশখালি আসনে বিজেপির প্রার্থী রেখা পাত্র মাঠে নেমে পড়েছেন ক্রিকেট খেলতে। অন্যদিকে, বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায় বিশাল কাতলা মাছ হাতে নিয়ে জনসংযোগে নেমেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে বলে যে গুঞ্জন রয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বাঙালির খাদ্যাভ্যাসে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বীরভূমের লাভপুরে বিজেপির দেবাশীষ ওঝা ঢুকে পড়েছেন অন্যের রান্নাঘরে, রেঁধেছেন মুরগির মাংস।
পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। আরামবাগের প্রার্থী মিতা বাগ একটি দোকানে ঢুকে নিজেই চপ ভাজতে শুরু করেন।
পুড়শুড়া আসনে তৃণমূলের পার্থ হাজারি আরও এক ধাপ এগিয়ে কাঠের চুলায় রুটি সেঁকেছেন এবং সবজি কেটে রান্না করেছেন। তার দাবি, গ্যাস সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট ভাগ করে নিতেই এই উদ্যোগ।
বরানগর আসনে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ব্যাডমিন্টন খেলে এবং চলন্ত অটোরিকশায় চড়ে ভোট চেয়েছেন।
সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন সাধারণ মানুষের কাছে বিনোদনের এক বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। প্রার্থীদের এমন সব অভিনব কর্মকাণ্ড ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দ তৈরি করেছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









