জাতীয়

মিরপুর থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের গ্রেপ্তার

ঢাকা, ৩০ মার্চ – রাজধানীর মিরপুর এলাকা থেকে সেনাবাহিনীর বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬১ বছর বয়সী এই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

জানা গেছে, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ মাস থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

১৯৮৪ সালের ৪ জুলাই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

এর আগে এক এগারো সরকারের সময়কার বিতর্কিত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকেও গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language