বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন চার সুবিধা, এক অ্যাপেই চলবে একাধিক অ্যাকাউন্ট

বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে দাপ্তরিক গুরুত্বপূর্ণ বার্তা আদানপ্রদানের জন্য অনেকেই নিয়মিত এই অ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি।

এবার একসঙ্গে বেশ কয়েকটি নতুন সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী হবে।

নতুন আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরের প্রক্রিয়াকে আরও সহজ ও নির্ভরযোগ্য করা হয়েছে। এর ফলে ফোন পরিবর্তনের সময় পুরনো চ্যাট বা গুরুত্বপূর্ণ ছবি হারানোর ঝুঁকি অনেকটাই কমে যাবে।

পাশাপাশি অনেক ব্যবহারকারী ব্যক্তিগত ও অফিসের জন্য আলাদা নম্বর ব্যবহার করে থাকেন। এতদিন একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে আলাদা অ্যাপ বা ক্লোনিংয়ের প্রয়োজন হতো। নতুন আপডেটে একই অ্যাপের মধ্যে দুটি অ্যাকাউন্ট চালানোর সুবিধা থাকছে। ব্যবহারকারীরা সহজেই সুইচ অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্যটিতে যেতে পারবেন।

চ্যাটিং আরও দ্রুত করতে নতুন একটি স্মার্ট অটো সাজেস্ট রিপ্লাই ফিচার যুক্ত করা হচ্ছে। কেউ বার্তা পাঠালে সম্ভাব্য উত্তর কী হতে পারে তার কিছু সাজেশন দেখাবে অ্যাপটি।

এছাড়া ছবি সম্পাদনার জন্য আলাদা অ্যাপ ব্যবহারের ঝামেলা কমাতে হোয়াটসঅ্যাপের ভেতরেই নতুন কিছু টুল যুক্ত করা হচ্ছে। অ্যাপের মাধ্যমে এখন ছবি সম্পাদনা এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তনসহ বিভিন্ন কাজ সহজেই করা সম্ভব হবে।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language