সরকারি অফিসে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত উপস্থিতি বাধ্যতামূলক, বিদ্যুৎ সাশ্রয়ে ১১ দফা নির্দেশনা

ঢাকা, ২৯ মার্চ – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিতির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব সরকারি কর্মচারীকে নিজ নিজ দপ্তরে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।
একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কর্মপরিবেশ পরিষ্কার রাখার উদ্দেশ্যে মোট ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার ২৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে যে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য জাতীয় পর্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দাপ্তরিক কোনো কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সময়সীমা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে কঠোর নজর রাখতে বলা হয়েছে।
দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমিয়ে জানালা এবং দরজা খোলা রেখে আলো ব্যবহারের ব্যবস্থা করতে হবে। অফিস চলাকালীন শুধুমাত্র অতি প্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনার চালানোর ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
এছাড়া কক্ষ থেকে বের হওয়ার সময় সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা বাধ্যতামূলক করা হয়েছে। অফিসের করিডোর, সিঁড়ি এবং ওয়াশরুমের মতো স্থানগুলোতে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো থেকে বিরত থাকতে হবে। অফিসের সময়সূচি শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সব যন্ত্রপাতির সুইচ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
সরকারি কোনো বিশেষ নির্দেশনা ছাড়া সব ধরনের আলোকসজ্জা পরিহার করার কথাও বলা হয়েছে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার পাশাপাশি অফিস কক্ষ, টয়লেট ও সিঁড়িসহ অন্যান্য জায়গা নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ১১ দফা নির্দেশনাগুলো সঠিকভাবে পালিত হচ্ছে কি না তা তদারকি করার জন্য প্রতিটি সরকারি কার্যালয়ে একটি করে ভিজিল্যান্স টিম গঠন করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ এম/ ২৯ মার্চ ২০২৬









