ধর্ম

সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না: পোপ চতুর্দশ লিও

মধ্যপ্রাচ্য, ২৯ মার্চ – পোপ চতুর্দশ লিও মন্তব্য করেছেন যে সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনা গ্রহণ করেন না। রোববার পাম সানডে উপলক্ষে আয়োজিত ধর্মোপদেশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পোপ সুস্পষ্টভাবে জানান, সৃষ্টিকর্তা সর্বদা যুদ্ধের বিপক্ষে অবস্থান করেন এবং যারা যুদ্ধে লিপ্ত হয় তাদের প্রার্থনা তিনি শোনেন না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে যে সকল খ্রিষ্ট ধর্মাবলম্বী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পোপ তাদের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে তারা স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় আচার পালন করতে ব্যর্থ হচ্ছেন। যিশু খ্রিষ্টকে শান্তির রাজা হিসেবে উল্লেখ করে পোপ বলেন, তিনি যুদ্ধকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে যিশুর নাম ব্যবহার করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, যুদ্ধবাজদের প্রার্থনা যিশু শোনেন না, বরং তা সরাসরি প্রত্যাখ্যান করেন। নিজের বক্তব্যের সপক্ষে তিনি বাইবেলের একটি অংশ উদ্ধৃত করে বলেন, তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি তা শুনব না কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত। এর আগে গত সপ্তাহেও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছিলেন পোপ। তখন তিনি জানিয়েছিলেন যে সংঘাতের কারণে ইতোমধ্যে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সংকট সমাধানে বিবদমান সব পক্ষকে তিনি আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। উল্লেখ্য, চতুর্দশ লিও হলেন ইতিহাসের প্রথম আমেরিকান পোপ। তিনি বরাবরই যুদ্ধের কঠোর নিন্দা জানিয়ে আসছেন এবং আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের দ্বন্দ্ব নিরসনের ওপর জোর দিচ্ছেন।

৭০ বছর বয়সী এই ধর্মগুরু ইরান যুদ্ধের বিষয়ে সব সময়ই অত্যন্ত সতর্কতার সঙ্গে বক্তব্য প্রদান করেছেন। তিনি যুদ্ধের নেতিবাচক দিকগুলো তুলে ধরে নিন্দা জানালেও এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি বা কাউকে সরাসরি দোষারোপ করেননি।

এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language