চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, বিসিবির দুর্নীতি তদন্তে কমিটি

ঢাকা, ২৯ মার্চ – আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে সাতটি ইভেন্টের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সমান গুরুত্ব দিয়ে শিশুদের ডিভাইস আসক্তি কমিয়ে মাঠমুখী করাই সরকারের প্রধান লক্ষ্য। ২৯ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব তথ্য জানান। তিনি আরও জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে আরও ইভেন্ট যুক্ত করা হবে।
একই অধিবেশনে ক্রীড়াঙ্গনের দলীয়করণ নিয়ে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ে ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন খেলাধুলায় দলীয় প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্রীড়াঙ্গন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিমুক্ত করতে কাজ চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিগত সময়ের নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
২০০৮ সালের পর থেকে যেসব নিয়োগে অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বিসিবির কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বোর্ডের অর্থ ও জনবল অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে অবকাঠামো উন্নয়নের চেয়ে খেলোয়াড় তৈরির দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









