জাতীয়

বিপিসি ও পেট্রোবাংলার বকেয়া আদায় এবং সিন্ডিকেট ভাঙতে আইনি নোটিশ

 

ঢাকা, ২৯ মার্চ – বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং পেট্রোবাংলার বকেয়া ৩৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায় এবং জ্বালানি খাতে বিদ্যমান সিন্ডিকেট ভাঙার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এই নোটিশ প্রেরণ করেন। নোটিশটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

একই সঙ্গে বিপিসি পেট্রোবাংলা যমুনা পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিযোগিতা কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এই নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করছে যা জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে।

জ্বালানি তেলের মজুতদারি ও কালোবাজারি রোধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থায় রাষ্ট্রীয় কোম্পানির একক আধিপত্য বাতিল করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করার দাবি জানানো হয়েছে যাতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language