টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

ঢাকা, ২৯ মার্চ – রাজধানীর গুলশান এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
এদিন আদালতে গেজেট দাখিলের জন্য দিন ধার্য থাকলেও বিজি প্রেস থেকে তা প্রকাশিত হয়ে আসেনি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে প্রতিবেদন দাখিল করে।
এরপর আইন অনুযায়ী ৮ মার্চ টিউলিপ সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল এই মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই অবৈধভাবে ফ্ল্যাটটি দখল নেন এবং পরে রেজিস্ট্রি করেন। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দুদক টিউলিপ এবং মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
এস এম/ ২৯ মার্চ ২০২৬








