জাতীয়

খুলনা-যশোর নিয়ে বিজেপি নেতার বক্তব্যের তীব্র নিন্দা জানাল জামায়াতে ইসলামী

ঢাকা, ২৯ মার্চ – ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার বিষয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই উসকানিমূলক বক্তব্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, শমীক ভট্টাচার্য্যের এই মন্তব্য বাংলাদেশের অখণ্ডতা বিরোধী এবং এটি উগ্র ও অগ্রহণযোগ্য। এই ধরনের বক্তব্য প্রদান করে আন্তর্জাতিক নীতি ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্কের মূলে আঘাত করা হয়েছে। এতে তার উগ্র মানসিকতার প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্তে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করার যেকোনো প্রচেষ্টা একটি মারাত্মক হুমকি। বাংলাদেশ সীমান্তে ভারতের চলমান সামরিক কার্যক্রম, স্যাটেলাইট পর্যবেক্ষণ এবং ধর্মীয় উসকানি ছড়ানোর কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করছে। এসব প্রক্রিয়া সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি ভারতীয় নেতাদের সতর্ক করে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ দেশের জনগণ কঠোরভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি মেনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারতের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে উসকানিমূলক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারের প্রতিও এই বক্তব্যের কড়া জবাব দেওয়ার এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language