সংসদের অধিবেশন পুনরায় শুরু, প্রথমবারের মতো সভাপতিত্ব করলেন কায়সার কামাল

ঢাকা, ২৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হয়।
এদিন প্রথমবারের মতো সংসদের সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ১৩ দিনের বিরতির পর শুরু হওয়া এই অধিবেশনের মাধ্যমে সংসদে আনুষ্ঠানিকভাবে তার অভিষেক ঘটল। জানা গেছে, সংসদের বিরতিকালে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক সম্পন্ন করেছে।
এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ বহাল রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছেছে। তবে বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।
বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে সংসদে তাদের প্রতিবেদন জমা দেবে। চলতি অধিবেশনেই অর্থাৎ আগামী ১১ এপ্রিলের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে শনিবার সংসদীয় কমিটির প্রথম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসব সিদ্ধান্তের মধ্যে অন্যতম হলো আগামী ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দ নিশ্চিত করা। এছাড়া সংসদের সাউন্ড সিস্টেমে যে সমস্যা রয়েছে তা তদন্তের জন্য একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য মোট ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
এ এম/ ২৯ মার্চ ২০২৬









