সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা রুখে দিল সিরীয় সামরিক বাহিনী

দামেস্ক, ২৯ মার্চ – সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। রোববার দেশটির এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সিরিয়ায় অবশিষ্ট কয়েকটি মার্কিন ঘাঁটির একটিতে এই হামলার চেষ্টা চালানো হয়েছিল।
সিরিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী সিপান হামো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় জানিয়েছেন যে আজ দিনের শুরুতে তাদের ভূখণ্ডে অবস্থিত কার্সা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে চারটি ড্রোন ছোড়া হয়। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহত ছাড়াই ড্রোনগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
তিনি এই হামলার জন্য ইরাককে দায়ী করে বলেছেন যে ভবিষ্যতে এ ধরনের আক্রমণ ঠেকাতে ইরাক সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ এমন হামলা সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
এর আগে গতকাল সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত আল তানফ ঘাঁটিতেও একই ধরনের ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। ওই ঘাঁটিতেও ইরাক থেকে ড্রোন ছোড়া হয় যেখানে পূর্বে মার্কিন সেনারা অবস্থান করত।
উল্লেখ্য যে চলমান সংঘাতের শুরু থেকেই ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে মার্কিন বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রও এসব গোষ্ঠীর ওপর বিভিন্ন সময় আক্রমণ চালিয়েছে। বর্তমান এই সংঘাতময় পরিস্থিতিতে ইরাক লেবানন এবং ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়েছে।
ইরাকি যোদ্ধারা মূলত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করছে এবং অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা অব্যাহত রেখেছে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









