১৩ দিনের বিরতি শেষে শুরু হলো জাতীয় সংসদের অধিবেশন

ঢাকা, ২৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর পুনরায় জাতীয় সংসদের অধিবেশন বসেছে। রোববার বিকেল তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।
দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংসদের প্রথম এক ঘণ্টা প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনটি ঈদ ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। কার্যউপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
এর আগে দুপুর দেড়টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই মূলতবি সভাটি পরিচালিত হয়।
উল্লেখ্য, শনিবার সভাটি শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার পর মূলতবি ঘোষণা করা হয়েছিল।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









