আইন-আদালত

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ঢাকা, ২৯ মার্চ – মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শুনানিতে তিনি শেখ মামুন খালেদকে গুমের মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংঘটিত জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজিরা পরোয়ানা জারির আবেদন করেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেন তিনি।

শুনানি শেষে আদালত তাদের দুজনকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য করেন। এদিন সকালে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করেছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করার এই নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে এর আগে পাঁচ দিনের রিমান্ড দিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া অন্য আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছিল।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language