দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ঢাকা, ২৯ মার্চ – দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসব জেলায় বর্তমানে দায়িত্বরত ১১ জন জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার ২৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। চুয়াডাঙ্গার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার। খুলনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হুরে জান্নাত এবং মাদারীপুরে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার নিয়োগ পেয়েছেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক আবু সাঈদ, চাঁদপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহেমদ জিয়াউর রহমান, হবিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের জি এম সরফরাজ, নরসিংদীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে সংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায়, লালমনিরহাটে বিদ্যুৎ উন্নয়ন বিভাগের রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল দ্রুত কার্যকর করা হবে বলে জানা গেছে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









