শাহজালাল বিমানবন্দরে ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা, ২৯ মার্চ – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার ২৮ মার্চ রাতে এভিয়েশন সিকিউরিটি বা এভসেক এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে দুবাই থেকে আগত ফ্লাইট বিজি ৩৪৮ বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি ০২ তে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগে থেকেই নজরদারিতে রেখেছিলেন গোয়েন্দারা। পরবর্তীতে কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া স্বর্ণ ইতিমধ্যে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









