জাতীয়

কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা, ২৯ মার্চ – সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে না গিয়ে তিনি সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বেরিয়ে পড়েন। শুরুতে তিনি ৬ নম্বর ভবনে যান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এরপর একই ভবনের অন্যান্য তলায় অবস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েও যান তিনি। পরবর্তী সময়ে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সব মিলিয়ে অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিক এই পরিদর্শন কার্যক্রম শেষে তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে। এই সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language