মেয়ের বিরল রোগ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান

মুম্বাই, ২৯ মার্চ – বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান প্রথমবারের মতো তার দেড় বছর বয়সী মেয়ে লারার শারীরিক জটিলতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সম্প্রতি একটি পডকাস্টের এক পর্বে অংশ নিয়ে তিনি জানান, তার মেয়ে ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ বা ডিডিএইচ নামক একটি বিরল রোগে আক্রান্ত। এই শারীরিক অবস্থার কারণে শিশু লারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। ২০২৪ সালের ৩ জুন জন্মগ্রহণ করা লারার এই সমস্যার বিষয়ে কথা বলতে গিয়ে বরুণ ধাওয়ান বলেন, ডিডিএইচ হলো এমন একটি অবস্থা যেখানে শিশুর হিপ জয়েন্ট বা নিতম্বের অস্থিসন্ধি সঠিক জায়গা থেকে সরে যায়।
এর ফলে শিশুর এক পা অন্য পায়ের চেয়ে ছোট বা বড় হতে পারে এবং হাঁটার ভঙ্গি বাঁকা হয়ে যায়। অভিনেতা আরও জানান, সঠিক সময়ে এই রোগের চিকিৎসা না করালে ভবিষ্যতে আর্থ্রাইটিস ও স্লিপ ডিস্কের মতো গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে স্বস্তির বিষয় হলো লারার চিকিৎসার জন্য কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। বিশেষ চিকিৎসা পদ্ধতির সাহায্যে তার হিপ সঠিক জায়গায় বসানো হয়েছে। তবে দীর্ঘ আড়াই মাস তাকে বিশেষ প্লাস্টারের মধ্যে থাকতে হয়েছে। সেই সময়টি পুরো পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল বলে জানান এই অভিনেতা।
ভারতের সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই নিজের এই ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেছেন বরুণ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো সহানুভূতি পাওয়ার আশায় নয় বরং দেশে এই রোগের সঠিক চিকিৎসা ও সচেতনতা সম্পর্কে মানুষকে জানাতেই তিনি বিষয়টি প্রকাশ করেছেন। তিনি সকল অভিভাবককে অনুরোধ করেছেন যেন শিশুদের শারীরিক সমস্যার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা না হয়। বর্তমানে লারা ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে।
নিজের এই কঠিন লড়াই এবং অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন বরুণ ধাওয়ান। অন্যদিকে কর্মজীবনে এই অভিনেতা বর্তমানে সফলতার শীর্ষে অবস্থান করছেন। তাকে সর্বশেষ অনুরাগ সিং পরিচালিত বর্ডার টু চলচ্চিত্রে দেখা গেছে। সেখানে তার অভিনয় দর্শক এবং সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ছবিটি বর্তমানে নেটফ্লিক্সেও ভালো সাড়া ফেলেছে।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









