সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি

ঢাকা, ২৯ মার্চ – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় আজ রাত ৯টায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
এছাড়া এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









