ফুলপুরে অবৈধভাবে মজুত ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ, ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ, ২৯ মার্চ – ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে মজুত রাখা ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে এসব জ্বালানি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি মজুত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া জব্দকৃত জ্বালানি জনস্বার্থে ওই পাম্পের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানিয়েছেন, বাজারে কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অবৈধ মজুত বা অনিয়মকে ছাড় দেওয়া হবে না।
এস এম/ ২৯ মার্চ ২০২৬









