রাজবাড়ী

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্ত কমিটির ফেরিঘাট পরিদর্শন

রাজবাড়ী, ২৯ মার্চ – রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সকল দপ্তর এই কাজে নিয়োজিত রয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও ঘাটের বিভিন্ন পর্যবেক্ষণসহ ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তদন্ত কমিটির সদস্য সচিব সাথী দাস। বাসের যাত্রীসংখ্যা প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৪২ জন আরোহী ছিলেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বুধবার রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া তিন নম্বর ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়বদ্ধতা নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা এই কমিটির মূল লক্ষ্য।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language