নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী, ২৯ মার্চ – নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি আবাসিক ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ৩৯ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই চক্রটি দীর্ঘদিন ধরে ফ্ল্যাটে মদ মজুত রেখে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মা-মনি নিবাস নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন একলাশপুর গ্রামের বাসিন্দা মো. মাহফুজুর রহমান সাকিব, চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার হৃদয় সাহা এবং আলীপুর গ্রামের শিপন চন্দ্র ঘোষ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট ৩৯ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language