৪০ দিনের ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে কড়া নির্দেশনা

ঢাকা, ২৯ মার্চ – পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় চল্লিশ দিনের দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ফেরায় শিক্ষা প্রশাসন থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে যা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। বলা হয়েছে এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছরই অব্যাহত রাখতে হবে। প্রতিদিন শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয় যাতে তাদের মধ্যে দায়িত্ববোধ গড়ে ওঠে।
এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগানের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছিল সরকার। ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হয়েছে।
অন্যদিকে দীর্ঘ ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে প্রাথমিক পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নিতে আগামী ৪ এপ্রিল থেকে পরবর্তী দশটি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান চলবে।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









