কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জ, ২৯ মার্চ – কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ মাত্র ৫০০ টাকা ভাড়ার ব্যবধান নিয়ে তর্কের জেরে প্রায় এক ঘণ্টা সময়ক্ষেপণ হয়। এর ফলে গুরুতর অসুস্থ শিশুটিকে সঠিক সময়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা সম্ভব হয়নি।

শুক্রবার দিবাগত রাতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় উত্তেজনা ও বিক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক ঘটনার পরপরই পালিয়ে যান।

মৃত নবজাতক সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের মো. রোহানের সন্তান। পরিবারের সদস্যরা জানান শুক্রবার রাত ১১টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর শ্বাসকষ্টসহ অন্যান্য সমস্যা দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসক শিশুটিকে ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেন।

এরপর স্বজনরা সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি চালকদের শরণাপন্ন হন। চালকরা ময়মনসিংহ যাওয়ার জন্য সাড়ে চার হাজার টাকা দাবি করেন। স্বজনরা চার হাজার টাকা দিতে সম্মত হলেও চালকরা তা মানতে অস্বীকৃতি জানান। এমনকি তারা বাইরের কোনো অ্যাম্বুলেন্সও ভাড়ায় নিতে বাধা দেন।

দীর্ঘ সময় তর্কবিতর্কের পর রাত তিনটার দিকে শিশুটি মারা যায়। শিশুটির বাবা ও দাদা এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে হাসপাতালে একটি শক্তিশালী সিন্ডিকেট রোগীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা জানিয়েছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language