গাজীপুর

গাজীপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ গ্রেফতার

গাজীপুর, ২৯ মার্চ – গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কোনাবাড়ী থানার নছের মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কলেজছাত্র মো. হৃদয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায় আবুল কালাম আজাদ কোনাবাড়ী থানার নছের মার্কেট এলাকার আব্দুল পালোয়ানের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ী কাশিমপুর সড়কের শরিফ মেডিকেল সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করছিলেন হৃদয়। পরিস্থিতি উত্তপ্ত হলে রাস্তার পাশে সরে যাওয়ার সময় শিল্প পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে মারধর করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে একাধিক ব্যক্তির সঙ্গে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদকেও আসামি করা হয়।

কোনাবাড়ী থানার পরিদর্শক মো. আসিফ ইকবাল জানান গোপন সংবাদের ভিত্তিতে কালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language