মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা পাঠাল যুক্তরাষ্ট্র, ইরানে হামলার শঙ্কা

ওয়াশিংটন, ২৯ মার্চ – মধ্যপ্রাচ্যে উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে সাড়ে তিন হাজার মেরিন সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির সেন্ট্রাল কমান্ড শনিবার জানিয়েছে যে তাদের অপারেশন এরিয়াতে যুদ্ধজাহাজটি শুক্রবার পৌঁছেছে।

এই যুদ্ধজাহাজে মেরিন সেনার পাশাপাশি পরিবহণ বিমান, কৌশলগত আক্রমণকারী বিমান এবং অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার পর মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে সেনা সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিন সদস্যসহ দেশটির প্রায় ৫০ হাজার সেনা এই অঞ্চলে অবস্থান করছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের আরও এক হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসার পরিকল্পনা প্রকাশ করেছিল।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদি শেষ পর্যন্ত মার্কিন বাহিনী ইরানে স্থলপথে কোনো হামলা পরিচালনা করে, তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এটিই হবে তাদের প্রথম কোনো বড় ধরনের স্থল অভিযান।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language