সিলেট

সিলেটের জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন

সিলেট, ২৮ মার্চ – সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এই সম্পদের সুরক্ষা জোরদার করার লক্ষ্যে গত ২৫ মার্চ বুধবার এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজিবি। জানা গেছে, সিলেট নগরে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পদ্মা অয়েল পিএলসি এর ডিপোতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আরও এক প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

বিজিবির সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ অংশ এবং এর আশপাশের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিজিবি আরও জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

অবৈধ মজুত সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ করতে এবং সীমান্ত পথে তেল পাচার রোধে সীমান্তবর্তী এলাকাসহ সব স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এ এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language