এশিয়া

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল ও আলকাতরাসহ আটক ৭

মায়ানমার, ২৮ মার্চ – মায়ানমারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা এবং একটি ট্রলিং বোটসহ সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকার কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্ণফুলী চ্যানেলে অভিযান চলাকালে সন্দেহভাজন একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালানো হয়।

এ সময় শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের এক হাজার ৬০০ লিটার ডিজেল, তিন হাজার ৩০০ কেজি আলকাতরা এবং চারটি ডিজেল ইঞ্জিন উদ্ধার করা হয়।

অবৈধ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রলিং বোটে থাকা সাতজন পাচারকারীকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ডের সদস্যরা। এই কর্মকর্তা আরও জানিয়েছেন, উদ্ধারকৃত মালপত্র এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে। একই সাথে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language