প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

ঢাকা, ২৮ মার্চ – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান।
তার এই আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সেখানে জড়ো হন।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই তিনি শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসার কথা জানিয়েছিলেন।
প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য শনিবার সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ব্যাপক সমাগম শুরু হয়। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড এবং কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









