তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

ঢাকা, ২৮ মার্চ – দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি এবং চোরাচালানের চেষ্টা করছে। এই অপতৎপরতা রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে ২০০ কোটি টাকা ভর্তুকি প্রদান করছে।
শনিবার সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ জানান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পেলেও সরকার তা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অসাধু চক্রের দ্বারা কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে দুই লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে এসে পৌঁছেছে এবং আরও দুই লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।
জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। কেউ যেন অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম বৃদ্ধি না পায় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানিমন্ত্রী বক্তব্য রাখবেন। সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে চিফ হুইপ বলেন আগামীকালের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন পেশ করার প্রস্তুতি চলছে।
এছাড়া এখন থেকে প্রতি মাসে মন্ত্রীরা সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করবেন যাতে তারা নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
বৈঠকের শুরুতে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মোনাজাত করা হয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এসব দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা কমিটিকে বিস্তারিত জানিয়েছেন।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









