১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসভবন বরাদ্দ দেওয়া হবে: চিফ হুইপ

ঢাকা, ২৮ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবনের বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান মন্ত্রী প্রতিমন্ত্রী স্পিকার ও হুইপদের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য সংসদ সদস্যদেরও আবাসন সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার সুবিধার্থে এই সময়ের মধ্যে বরাদ্দ চূড়ান্ত করা হবে।
আগামী ৩০ মার্চ সংসদ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট প্রসঙ্গে চিফ হুইপ জানান সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে কোনো ধরনের নাশকতা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কারিগরি ত্রুটি সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোনের বড় আকার নিয়ে যে অস্বস্তি রয়েছে তা দ্রুত পরিবর্তন করে নতুন হেডফোন সরবরাহ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের উদ্বোধনী দিনে শব্দযন্ত্রের সমস্যার কারণে অধিবেশন সাময়িক বন্ধ রাখতে হয়েছিল। পরের দিন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই দিনই সদস্যদের সুযোগ সুবিধা ও ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকির জন্য চিফ হুইপকে সভাপতি করে ১১ সদস্যের একটি সংসদ কমিটি গঠন করা হয়।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









