জাতীয়

হাসপাতালের জরুরি সেবায় বাড়তি জ্বালানি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ঢাকা, ২৮ মার্চ – দেশের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কাছে বাড়তি জ্বালানি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিলে হাসপাতালের অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, বেবি কেয়ার ওয়ার্ড এবং লেবার রুমের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোর সেবা ব্যাহত হতে পারে। তাই জরুরি মুহূর্তে বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজেলের মজুত বাড়িয়ে জেনারেটর প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ কক্ষে দুটি করে বৈদ্যুতিক সঞ্চালন লাইন টানা হচ্ছে।

একটি লাইনে বিদ্যুৎ না থাকলে যেন অপরটি দিয়ে সেবা চালু রাখা যায়, সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের বিষয়েও জোর দেওয়া হচ্ছে, যাতে জেনারেটরের ওপর নির্ভরশীলতা কমানো যায়। পাশাপাশি হিলিয়াম গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনে বিকল্প মাধ্যমে তা আমদানির প্রস্তুতিও সরকারের রয়েছে।

এস এম/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language