পদ্মা সেতুর রেললাইন থেকে নাট চুরি: ট্রেন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা

ঢাকা, ২৮ মার্চ – পদ্মা সেতুর রেললাইনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট ও ড্রেনের ওপর বসানো লোহার গ্রিল চুরির ঘটনা ঘটেছে। এর ফলে এই পথে চলাচলকারী ট্রেনগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সেতুর রেল ব্রিজের ৩৭ নম্বর পিলারের কাছে ওপরে ওঠার একটি সিঁড়ি রয়েছে।
সিঁড়িটির কিছুটা ওপরে লোহার গেট ও গ্রিল দিয়ে পথ বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে সেখানে সাধারণত কারও প্রবেশের সুযোগ নেই। তবে এই সুরক্ষিত স্থান থেকেই দুর্বৃত্তরা রেললাইনের বেশ কয়েকটি নাট ও গ্রিল খুলে নিয়ে গেছে। রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা কিম্যান ফারুক হোসেন জানান, চুরি ঠেকাতে তারা নিয়মিত পাহারার ব্যবস্থা রেখেছেন। এমনকি ঈদের আগে চুরির অভিযোগে দুইজনকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল।
তিনি আরও জানান, ২৭ নম্বর বক্স পিলারের ভেতরে প্রবেশের কোনো সুযোগ তাদের নেই, কারণ জায়গাটি তালাবদ্ধ থাকে এবং তাদের কাছে এর চাবি থাকে না। এই চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এবং অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









