ন্যাটো মিত্রদের ওপর হতাশ ট্রাম্প, ভবিষ্যতে পাশে না থাকার ইঙ্গিত

ওয়াশিংটন, ২৮ মার্চ – হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক বাহিনী পাঠাতে ন্যাটো মিত্রদের অস্বীকৃতির কারণে তীব্র হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে ওয়াশিংটন হয়তো ন্যাটোর পাশে নাও থাকতে পারে। মিয়ামিতে আয়োজিত একটি বিনিয়োগ ফোরামে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ন্যাটোর জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করে তাদের রক্ষা করলেও মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না।
তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভিত্তিতে তিনি জোটটিতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। এক মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে পশ্চিমা মিত্রদের অনাগ্রহ নিয়ে ট্রাম্প একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। উপসাগরীয় তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বর্তমানে ইরানের আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এর ফলে এই পথে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ ছয়টি প্রধান দেশ পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত উদ্যোগে অংশ নেওয়ার কথা জানালেও এখনো কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি। সম্প্রতি ন্যাটো মিত্রদের কাপুরুষ আখ্যা দিয়ে ট্রাম্প মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই সামরিক জোট কেবল কাগুজে বাঘ। এছাড়া গত বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি জানান, ন্যাটোর কাছ থেকে যুক্তরাষ্ট্রের কিছুই নেওয়ার নেই এবং ইরানের বিরুদ্ধে তারা ন্যূনতম কোনো সাহায্য করেনি।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









