মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটির সবগুলো ধ্বংসের দাবি ইরানের

তেহরান, ২৮ মার্চ – মধ্যপ্রাচ্যে স্থাপিত যুক্তরাষ্ট্রের ১৭টি সামরিক ঘাঁটির সবগুলোই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র এই দাবি করেছেন। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি এই তথ্য জানান। তিনি বলেন পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের ১৭টি ঘাঁটি স্থাপন করেছিল যার সবগুলো ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে। তার মতে আমেরিকানরা নিজেদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
২০২৫ সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখারচি জানান ওই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিকে আক্রমণাত্মক নীতিতে পরিবর্তন করেছে। তিনি আরও বলেন গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও অন্য দেশে আগ্রাসন চালাবে না। তবে ইরানের এই আক্রমণাত্মক নীতির অর্থ হলো যদি কোনো দেশ তাদের ওপর হামলা চালায় তবে হামলাকারী ধ্বংস না হওয়া পর্যন্ত পাল্টা আঘাত করা হবে। হরমুজ প্রণালির পরিস্থিতি প্রসঙ্গে সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র জানান হরমুজ প্রণালির অবস্থা আর আগের মতো থাকবে না।
যুদ্ধ শেষ হলেও ইরান কিছু শর্ত নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে সেই শর্ত সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। তিনি অভিযোগ করেন নিরাপত্তা দেওয়ার মিথ্যা আশ্বাসে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করেছে এবং ওই দেশগুলোর অর্থায়নেই সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। শেখারচি আরও বলেন তাদের সক্ষমতা প্রতিদিনই শক্তিশালী হচ্ছে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক ব্যবস্থা ক্রমাগত উন্নত করা হচ্ছে। শেষে তিনি আঞ্চলিক মুসলিম দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের বাহিনীকে আশ্রয় দেওয়া বন্ধ করার আহ্বান জানান।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









