তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১, উত্তেজনা চরমে

তেল আবিব, ২৮ মার্চ – ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডোম বা এমডিএ এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাস্থলেই প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন জরুরি চিকিৎসাকর্মীরা। একই ঘটনায় মধ্য ইসরায়েলের অন্য একটি স্থানে আরও দুজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পরপরই ওই এলাকায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এই হামলা নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এমন পাল্টাপাল্টি হামলার কারণে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একদিকে আলোচনা ও কূটনীতির কথা বলছে এবং অন্যদিকে তেহরানের বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর অব্যাহত হামলা চালাচ্ছে বলে তীব্র অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। তবে ট্রাম্পের এই প্রতিশ্রুতির পরও ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার আহ্বান জানিয়ে একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শিল্প ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক হামলার ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবে তেহরান সাড়া দেবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি বলে ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









