মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা, তেল আবিবসহ ১১ স্থানে আঘাত

তেল আবিব, ২৮ মার্চ – ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের কেন্দ্র এবং দক্ষিণাঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার ভোরে তেল আবিব ও এর আশপাশের অন্তত ১১টি স্থানে ইরান একযোগে হামলা চালায়। এতে অন্তত একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডাম নিশ্চিত করেছে যে, বৃহত্তর তেল আবিব অঞ্চল ঘোষ ড্যান এলাকায় একজন প্রাণ হারিয়েছেন।

ইরানের বহুমুখী ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও শার্পনেল তেল আবিবসহ আশপাশের বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। রামাত গান, গাভিতায়েম এবং তেল আবিবে দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে দুজন এবং দক্ষিণাঞ্চলের বেয়ারশেবাতে গুরুতর আহত অপর দুজনকে সরোকা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ এর তথ্যমতে, তেল আবিবের আশপাশে অন্তত ১০টি স্থানে ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে তা প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে প্রথমে দক্ষিণাঞ্চল এবং পরে কেন্দ্রীয় এলাকায় এই হামলা চালানো হয়। হামলার সময় দক্ষিণ ইসরায়েলের নেগেভ অঞ্চল, তেল আবিব, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় এক হাজার ১৪০ জন প্রাণ হারিয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানান, ইরানে যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পড়ছে। এর ফলে বৈশ্বিক তেলের বাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এনএন/ ২৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language