জ্বালানি তেলের অবৈধ মজুতকারীদের তথ্য দিলে পুরস্কার, সরকারের কঠোর অবস্থান

ঢাকা, ২৭ মার্চ – দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ নিবিড়ভাবে তদারকি করতে ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন তাদের জন্য খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। এই লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে অবৈধ মজুতদারি রুখতে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রশাসন।
এর অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ছয় হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রলপাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এনএন/ ২৭ মার্চ ২০২৬









