জাতীয়

স্বাধীনতার ৫৫ বছর পর আবারও মাথাচাড়া দিচ্ছে একাত্তরের অপশক্তি: মির্জা ফখরুল

ঢাকা, ২৭ মার্চ – স্বাধীনতার ৫৫ বছর পর আবারও একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতাকারী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই অপশক্তিকে রুখে দিতে হবে এবং এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনো আঘাত মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতার উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়।

তিনি স্মরণ করিয়ে দেন যে, এ দেশের মানুষ ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি স্তরে রক্ত দিয়ে অধিকারের লড়াই করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরে কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার কথা বলেননি। তিনি দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছেন। নির্বাচনের পরপরই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ এবং খাল খননের মতো উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন। শহীদ জিয়া যেমন তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে একটি সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করেছিলেন, তারেক রহমানও আজ সেই একই পথ দেখাচ্ছেন।

বক্তব্যে তিনি অত্যন্ত শ্রদ্ধাভরে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। বিগত বছরগুলোতে যারা গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং প্রতিটি অন্যায়ের যোগ্য বিচার নিশ্চিত করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।

এনএন/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language