পারমাণবিক বোমা তৈরির আলোচনায় সরব ইরানের কট্টরপন্থিরা

তেহরান, ২৭ মার্চ – চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে কি না সেই প্রশ্নে দেশটিতে আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকে ইরানের ক্ষমতায় কট্টরপন্থিদের প্রভাব বেড়েছে এবং তারাই নতুন এই বিতর্কের জন্ম দিয়েছেন। দীর্ঘদিন ধরে ইরান দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য এবং ইসলামি বিধান অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ এমন অবস্থানই তারা বজায় রেখেছে।
তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের ভেতরে নীতি পরিবর্তনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি পারমাণবিক বোমা তৈরির বিষয়টি এখন প্রকাশ্যে আলোচনায় আসছে এবং এনপিটি থেকে বের হয়ে যাওয়ার কথাও উঠছে। ইরানের কট্টরপন্থি রাজনীতিবিদ মোহাম্মাদ জাভেদ লারিজানি ইতিমধ্যে এনপিটি থেকে সরে দাঁড়ানোর পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে এই বিষয় নিয়ে সুস্পষ্ট মতবিরোধ রয়েছে। বর্তমানে একদল নেতা বোমা তৈরির পক্ষে থাকলেও অন্যরা কূটনৈতিক পথ বজায় রাখার পক্ষে।
পর্যবেক্ষকদের ধারণা আন্তর্জাতিক চাপ মোকাবিলার কৌশল হিসেবে ইরান এই বিতর্ক সামনে এনে থাকতে পারে। অতীতেও ইরান আলোচনায় সুবিধা পেতে এমন ইঙ্গিত দিয়েছিল কিন্তু বাস্তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বোমা তৈরি করা তাদের জন্য সহজ হবে না। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে গভীর আশঙ্কা করা হচ্ছে।
এস এম/ ২৭ মার্চ ২০২৬









