ব্যবসা

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

ঢাকা, ২৭ মার্চ – দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। শুক্রবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। এর আগে সর্বশেষ গত ২৫ মার্চ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language